২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ‘কুইন্স ব্যাটন’ ঢাকায় এসেছে গত ৬ জানুয়ারি। এরপর বিভিন্ন স্থান ঘুরে সোমবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে এসেছে ব্যাটনটি।
এদিন সাফ স্বর্ণজয়ী আর্চার রোমান সানা ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের হাত থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাটন গ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বিওএর সহ সভাপতি শেখ বশির আহমেদ মামুন, উপমহাসচিব ইন্তেখাবুল হামিদ অপুসহ অন্যান্য কর্মকর্তারা।
যুক্তরাজ্যের রানির শুভেচ্ছা বার্তা নিয়ে কমনওয়েলথভুক্ত ৭২টি দেশ পরিভ্রমণের অংশ হিসেবে শ্রীলঙ্কা থেকে ব্যাটনটি ২৬তম গন্তব্য হিসেবে বাংলাদেশে এসেছে।
কুইন্স ব্যাটন রিলে গত ৮ অক্টোবর ২৯৪ দিনের যাত্রা শুরু করে। ঐতিহ্যগতভাবে রানি ব্যাটনের ভেতরে কমনওয়েলথ গেমসের জন্য একটি বার্তা রেখেছেন, যা ২৮ জুলাই ২০২২ তারিখে বার্মিংহাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পাঠ করা হবে।
বার্তাটির উদ্দেশ্য হলো, কমনওয়েলথভুক্ত সব দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদদের একত্রিত করা এবং গেমসে তাদের অংশগ্রহণকে উৎসাহ দেওয়া। বাংলাদেশ পরিভ্রমণ শেষে কাল কুইন্স ব্যাটন যাবে ভারতে।