করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সুনামি চলছে বিশ্বের বিভিন্ন এলাকায়। ইউরোপ-আমেরিকার অনেকে দেশে ডেল্টা ধরনের সংক্রমণকালের তুলনায় এখনো দৈনিক শনাক্ত বেড়েছে কয়েক গুণ। যার জেরে সর্বশেষ চার দিনেই বিশ্বে কোটির বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ওমিক্রনের তাণ্ডব শুরু হয়েছে ভারতেও। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানেই দৈনিক শনাক্ত অন্তত ১৭ গুণ বেড়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর দেশটিতে শনাক্ত হয়েছিল ৯ হাজারের বেশি করোনা রোগী, অন্যদিকে গত শনিবার ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দেড় লাখের বেশি। ভারতের নতুন করে এই সংক্রমণের ঢেউ লেগেছে রাজনীতি থেকে বিনোদন, ক্রীড়া সব মহলেই। এবার জানা গেল দেশটির সংসদের চার শতাধিক কর্তকর্তা-কর্মচারীর করোনায় আক্রান্ত হওয়ার খবর। বাজেট অধিবেশনের ঠিক আগে আগে লোকসভা এবং রাজ্যসভার এই বিপুলসংখ্যক কর্মী আক্রান্ত হওয়ায় দেখা দিয়েছে নতুন উদ্বেগ।
এদিকে জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউন না দেওয়ার কথা জানিয়েছেন দেশটির রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও কয়েকটি পদক্ষেপ করতে চায় সরকার। তবে সাধারণ মানুষের সমস্যা বাড়বে এমন কোনো কাজ করবে না সরকার।
এদিকে ভারতের এই উদ্বেগময় পরিস্থিতির দিনে ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে শনাক্ত রোগী তুলনামূলকভাবে কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২২ লাখের কিছু বেশি রোগী শনাক্ত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২৭ লাখের ওপরে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুও কমেছে কিছুটা। এদিন ৫ হাজার ২০০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস। গতকালের নতুন শনাক্ত ও মৃত্যু নিয়ে বিশ্বে মোট শনাক্ত করোনার রোগীর সংখ্যা পৌঁছছে ৩০ কোটি ৬০ লাখে। আর মৃত্যু ছাড়িয়েছে ৫৫ লাখের মাইলফলক।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৪-৮ জানুয়ারির মধ্যে দেশটির সংসদ ভবনের রাজ্যসভার ৬৫ জন কর্মী, লোকসভার ২০০ জন কর্মী এবং অন্যান্য সহযোগী দপ্তরের ১৩৩ জন কর্মীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে তারা ওমিক্রন ধরনে আক্রান্ত কিনা তা এখনো জানা যায়নি। এমনিতেই রাজধানী দিল্লিতে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ফলে সংসদে সংক্রমণের ছড়াছড়ি হয়েছে। বাজেট অধিবেশন শুরুর আগে ব্যস্ততা তুঙ্গে থাকে সংসদে। তবে সেই কাজে ধাক্কা দিয়েছে করোনা। এই অবস্থায় জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউন জারি নয় বলে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও কয়েকটি পদক্ষেপ করতে চায় সরকার। তবে সাধারণ মানুষের সমস্যা বাড়বে এমন কোনো কাজ করবে না সরকার।’
তিনি বলেন, ‘গত বছরের মে মাসে কভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় দিল্লিতে দৈনিক ২০ হাজার পর্যন্ত শনাক্তের ঘটনা রিপোর্ট করা হয়েছিল। তবে এবার দ্বিতীয় ঢেউয়ের তুলনায় দৈনিক মৃত্যু তুলনামূলকভাবে অনেক কম।’
এদিকে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ মতে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৮১ জন। মারা গেছে ৬৬৯ জন। দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ লাখ ৩ হাজার ৬৬৯ জন করোনা রোগী। একই সময়ে মারা গেছে ১৪২ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭৯৬ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৫৬৮ জন। যুক্তরাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯০ জন এবং মারা গেছে ৩১৩ জন। একই সময়ে ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৫২ জন এবং মারা গেছে ১৮৪ জন। তুরস্কে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৫২৯ জন। একই সময়ে মারা গেছে ১৪১ জন। জার্মানিতে একদিনে মারা গেছে ১৬১ জন এবং শনাক্ত হয়েছে ৪২ হাজার ৪২২ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে ১০৩ জন। নতুন করে সংক্রমিত হয়েছে ৪৯ হাজার ৩০৩ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৭ হাজার ৮১৪ জন শনাক্ত হয়েছে।