যুক্তরাষ্ট্রের ৫১ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা

ড্রোন হামলা চালিয়ে জেনারেল কাশেম সুলেইমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কয়েক ডজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের শীর্ষ ওই জেনারেলকে হত্যার দায়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে গত শনিবার জানিয়েছে তেহরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সন্ত্রাসবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে ৫১ আমেরিকান সামরিক কর্মকর্তাকে টার্গেট করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কোনো সম্পদ থাকলে তা ইরানি কর্র্তৃপক্ষ বাজেয়াপ্ত করতে পারবে। তবে ইরানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সম্পদ না থাকায় এই নিষেধাজ্ঞা প্রতীকী ব্যবস্থা বলে ধারণা করা হচ্ছে।

তেহরানের স্থানীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বলা হয়েছে, জেনারেল কাশেম সুলেইমানি এবং তার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী ভূমিকায় সংশ্লিষ্টতা এবং সন্ত্রাসবাদ ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের দায়ে ওই ৫১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাশেম সুলেইমানি, যিনি এই বাহিনীর বৈশ্বিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছিলেন; তাকে ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পরে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার নির্দেশেই সুলেইমানিকে হত্যা করা হয়েছে।