অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে জয় পেয়েছেন নোভাক জকোভিচ। সোমবার মেলবোর্নে মামলার শুনানি শেষে সার্বিয়ান তারকাকে ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি তার ভিসা স্বীকৃত করারও নির্দেশ দেন ফেডারেল বিচারক।
করোনা টিকা না নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে অস্ট্রেলিয়ায় গিয়ে আটক হন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড় জকোভিচ। বুধবার মেলবোর্নে পা দেওয়া মাত্রই আটকে দেওয়া হয় সার্বিয়ান কিংবদন্তিকে। বাতিল করা হয় তার ভিসা। ভ্যাকসিন সংক্রান্ত নিয়মে আটক করে জকোভিচকে পাঠিয়ে দেওয়া হয় শরণার্থী হোটেলে। অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন জকোভিচ।
এমন পরিস্থিতিতে জকোভিচ আদালতে আপিল করেন। শুনানি শেষে তিনি অস্ট্রেলিয়ান সরকারের বিরুদ্ধে জয়ী হন। প্রথমে ফেডারেল বিচারক অ্যান্থনি কেলি জকোভিচের অস্ট্রেলিয়ায় থাকার সময়কাল শেষ হয়ে আসার মাত্র কিছুক্ষণ আগেই ফের সময়সীমা বাড়িয়ে সোমবার রাত পর্যন্ত তাকে অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি দেন।
এরপর শুনানির সময়, জকোভিচের কাছে মেডিকেল ছাড়পত্রের আবেদনের জন্য একজন প্রফেসর এবং একজন ফিজিশিয়ানের রিপোর্ট থাকা সত্ত্বেও তাকে আটকানোয় ক্ষোভও প্রকাশ করেন।
দীর্ঘ শুনানির পর বিশ্বের এক নম্বর টেনিস তারকার পক্ষেই রায় ঘোষণা করে আদালত। তবে এই জয় জকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণের পথ খুলে দিয়েছে বলে মনে হলেও, অস্ট্রেলিয়ান সরকার পক্ষের তরফে ইতোমধ্যেই কোর্টের নির্দেশের পরেও দ্বিতীয়বার জকোভিচের ভিসা বাতিল করার হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে।