সুনামগঞ্জের ছাতক উপজেলার সাত বছর আগে কলেজছাত্র আলামিন হত্যা মামলায় তার তিন সহপাঠীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সুনামগঞ্জের দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খায়রুল কবীর রোমেন জানান।
আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
দণ্ডিতরা হলেন- উপজেলার ছনুয়া গ্রামের আক্কাস মিয়া, মৌজরাই গ্রামের আজিজুল ইসলাম ও লক্ষণসোম গ্রামের সাইদুল হক।
খায়রুল কবীর জানান, রায় ঘোষণার সময় আক্কাস ও আজিজুল আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১০ অক্টোবর দুপুরে কথা কাটাকাটির জেরে ছাতক উপজেলার দেবেরগাঁও গ্রামের আনফর আলীর ছেলে আলামিনকে ছুরিকাঘাতে হত্যা করে তার তিন সহপাঠী।
আলামিন জাউয়াবাজার ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আলামিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কৈতক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আলামিনের বাবা বাদী হয়ে তিন সহপাঠীর নামে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৭ সালে ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।