বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস গতকাল সোমবার বিভাগীয় শহর, জেলা-উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকায় নামলে বঙ্গবন্ধুকে একনজর দেখতে ভিড় জমায় দেশবাসী। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ময়মনসিংহ : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি ও ভিডিও সংবলিত বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করা হয়েছে। সকালে নগরীর টাউন হল অডিটরিয়ামে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু গ্যালারির উদ্বোধন করেন।

গাজীপুর : মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সকালে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নাটোর : সকাল ১০টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস, নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সাংসদ রতœা আহমেদ প্রমুখ।

মাগুরা : সকালে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।

ফরিদপুর : জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলটির জ্যেষ্ঠ নেতারা। পরে বঙ্গবন্ধুর

প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এর আগে স্বাধীনতা যুদ্ধে নিহত সব শহীদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাগেরহাট : সকাল ৭টায় বাগেরহাট শহরের রেল রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সূচনা হয়। পরে জেলা আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে আলোচনা সভা হয়।