আইসিটি আইনের মামলা

শহীদুল আলমকে নিয়মিত আপিল করার নির্দেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা নিয়ে হাইকোর্টে রুল খারিজের বিরুদ্ধে আলোকচিত্রী শহীদুল আলমকে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

শহীদুল আলম হাইকোর্টের রুল খারিজের বিরুদ্ধে আবেদন করার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এই আদেশ দেয়। আদেশে শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করে এই সময়ের মধ্যে শহীদুল আলমকে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করতে বলা হয়েছে।

আদালতে শহীদুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে শহীদুল আলমের বিরুদ্ধে পুলিশের করা এই মামলার কার্যক্রমের বৈধতা প্রশ্নে দেওয়া রুল খারিজ করে তদন্তকাজের ওপর দেওয়া স্থগিতাদেশ বাতিল করে রায় দেয়। ফলে এ মামলার কার্যক্রম চলবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

২০১৮ সালের ৩ ও ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেইসবুক লাইভে আসেন শহীদুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও একটি বিদেশি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অভিযোগে ওই বছরের ৫ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বিচারিক আদালত ও হাইকোর্টে কয়েক দফা তার জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর ওই বছরের ১৫ নভেম্বর শহীদুল আলমকে জামিন দেয় হাইকোর্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৯ সালের ৩ মার্চ হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানি নিয়ে ১৪ মার্চ হাইকোর্ট এক আদেশে তদন্ত কার্যক্রম স্থগিত করে মামলার কার্যক্রমের বৈধতা নিয়ে রুল দেয়। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। ওই বছরের ১৯ আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রেখে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্টকে।