আফগান নারীদের হিজাব পরার আহ্বান জানিয়ে রাজধানী কাবুলে ব্যানার টানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। গত রবিবার দেশটির সৎ কর্মে আদেশ ও অসৎ কাজের নিষেধবিষয়ক মন্ত্রণালয় রাজধানী কাবুলজুড়ে দেয়াল ও গাছে এই ব্যানার ও প্ল্যাকার্ড টানিয়ে দিয়েছে বলে জানিয়েছে টোলো নিউজ।
নারীদের বোরকা ও হিজাব পরতে রাজধানী শহরজুড়ে ব্যানার টানানোর পাশাপাশি পুরো আফগানিস্তানের গাড়িচালকদের প্রতিও নতুন নির্দেশনা দিয়েছে তালেবান। এই নির্দেশনায় বলা হয়েছে, হিজাব না পরলে কোনো নারীকে গাড়িতে আসন দেওয়া যাবে না।
আফগান রাজধানী কাবুলে নারীদের হিজাব পরার আহ্বান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ডগুলো প্রথম দেখা যায়। এই ব্যানারে মেয়েদের বোরকা পরিহিত দুটি ছবিও দেওয়া হয়েছে। এর একটিতে কালো রঙের আবায়া পরিহিত ছবিতে চোখসহ পুরো মুখমণ্ডল ঢেকে রাখার দৃশ্য দেখানো হয়েছে। এবং অন্যটিতে পুরো শরীর বোরকায় ঢেকে রাখার দৃশ্য উঠে এসেছে। ব্যানারে দেওয়া নোটিসে লেখা রয়েছে, ‘শরিয়াহ আইন অনুযায়ী একজন মুসলিম নারীকে অবশ্যই হিজাব পরতে হবে। কারণ এটিই শরিয়াহ আইনের নির্দেশ।’
আফগানিস্তানের সৎ কর্মে আদেশ ও অসৎ কাজের নিষেধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ব্যানার ও পোস্টার টানানোর উদ্দেশ্য হচ্ছে হিজাব পরতে নারীদের উদ্বুদ্ধ করা। অবশ্য ব্যানারে হিজাবের বিষয়ে সুপারিশ করা হলেও সেটি পরতে নারীদের কেউ বাধ্য করতে পারবে না।