শামীম ওসমানের মাঠে নামার ঘোষণা, সংশয় আইভী শিবিরে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বারবার স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নাম আসছিল। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেন যে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার ‘গডফাদার’ শামীম ওসমানের প্রার্থী। এমন অভিযোগের পর নীরবতা ভেঙে অবশেষে নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য। তবে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর নাম একবারও উচ্চারণ করেননি।

আইভীর সঙ্গে শামীম ওসমানের রাজনৈতিক দ্বৈরথ দীর্ঘদিনের। সে কারণে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করে শামীম ওসমানের মাঠে নামার ঘোষণায় আইভী শিবির আশ্বস্ত হতে পারেনি। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেছেন, শামীম ওসমান কতটা আন্তরিক হয়ে নৌকার পক্ষে কাজ করেন সেটা আগে দেখতে হবে।

গতকাল দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে শামীম ওসমান দলের সর্বস্তরের নেতাকর্মী ও তার অনুসারীদের উদ্দেশে বলেন, ‘আজকে থেকে আমিও মাঠে নামলাম, আপনারাও মাঠে নেমে পড়েন। কে প্রার্থী হু কেয়ারস,  কলাগাছ না আমগাছ সেটা আমি দেখব না। দেখার বিষয় নৌকা স্বাধীনতার, শেখ হাসিনার। বঙ্গবন্ধুর ও আওয়ামী লীগের। আমরা যারা আওয়ামী লীগ করি তাদের এই নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।’

শামীম ওসমানের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য সম্পর্কে জানতে চাইলে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দেশ রূপান্তরকে বলেন, ‘তার বক্তব্য সম্পর্কে ভালো-মন্দ কিছু বলব না। পরিস্থিতি দেখে দুদিন পর কথা বলব। আমার দল আছে, কেন্দ্রীয় নেতারা আছেন তারা কথা বলবেন। আমি শুধু ভোটারদের কাছে ছুটছি। কে আছে পাশে, কে নেই সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না।’

তফসিল অনুযায়ী, ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

গত শনিবার আওয়ামী লীগ প্রার্থী ডা. আইভী নির্বাচনী প্রচারকালে শামীম ওসমানকে ‘গডফাদার’ উল্লেখ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী তৈমূর তার প্রার্থী। যদিও তৈমূর বলেছেন, তিনি কারও সঙ্গে আঁতাত করে প্রার্থী হননি। এরই মধ্যে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এমন প্রেক্ষাপটে শামীম ওসমান সোমবার (গতকাল) সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন।

‘খেলা হবে, সেই খেলায় আমরাই জিতব’ : সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেছেন, ‘স্বাধীনতার মার্কা নৌকা, জাতির জনক বঙ্গবন্ধুর মার্কা নৌকা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মার্কা নৌকা। সেই নৌকাকে জেতাতে আজ থেকে মাঠে নামলাম। ১৬ তারিখে খেলা হবে, সেই খেলায় আমরাই জিতব।’

শামীম ওসমান বলেন, ‘এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো। ও বলে আমি তার, সে বলে আমি তার। নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হব? জানতে চাই।’ তিনি বলেন, ‘নানাভাবে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, এখানে অন্য কোনো খেলার চেষ্টা করবেন না।’

নাম না বলে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘সামনে যেদিন আসছে, কঠিন পরীক্ষা দিতে হবে। ছাত্রলীগের মনে কষ্ট দিয়েন না। দুঃসময়ে তারাই এগিয়ে এসেছিল। নির্বাচন ধমক দিয়ে হয় না। একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না। সব রাগ অভিমান ছেড়ে দিয়ে কাজ করতে হবে। সবার ঘরে ঘরে যেতে হবে। এই ঘাঁটি নৌকার, এ মাটি আওয়ামী লীগের। জয় আমাদের হবেই।’

কোনো চাপে সংবাদ সম্মেলনে এসে নৌকাকে সমর্থন জানাচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান একটি উক্তি উল্লেখ করে বলেন, ‘আমি কারো সামনে মাথানত করি না। আমি নিজেই ঝড়, এই ঝড় কারো সামনে মাথা নোয়ায় না।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারও যদি গডফাদার বলতে ইচ্ছে হয়, বলেছেন। আগে ফাদার বলতে ইচ্ছে হয়েছিল বলেছেন। ব্রাদারও বলেছেন। আর যাই হোক গডমাদার বলবেন না। কেউ বলে শান্তি পেলে পাক, তাতে আমার কী।’

আইভীর নাম উল্লেখ না করে শামীম ওসমান বলেন, ‘উনি কী বলছেন সেটা তার ব্যাপার। আমার জাতীয় পর্যায়ের নেতারা এসে নির্বাচন পরিচালনা করছেন। তারা বলেছেন, এটা বিএনপি-জামায়াতের নতুন চাল। এখন আমি কারটাকে সঠিক বলব।’ তিনি বলেন, ‘১৬ তারিখ নৌকা বিজয়ী হওয়ার পর তার প্রশ্নের উত্তর দেব। নির্বাচনের মাঠে নামতে পারব না, আইনে নিষেধ আছে। আমরা আইন করব আমরাই মানব না, সেটা কেমনে হয়। এ আইনটা বাতিল করে দেওয়া উচিত।’

বিএনপির পদ হারানো স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘হাতি দিয়ে এখানে নৌকাকে ডোবানো যাবে না। হাতি অনেক বড়। তবে এত বড় হয়নি যে নৌকা ডুবিয়ে দেবে। ওরকম হাতি নৌকার ওপরে ওঠার আগেই আমরা কাঁধে করে নিয়ে চলে যাব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা : সংবাদ সম্মেলনের পর শামীম ওসমানের সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ডা. আইভীর নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক, কমিটির সদস্য দলের সভাপতিম-লীর আরেক সদস্য আবদুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য সচিব মির্জা আজম।

মির্জা আজম দেশ রূপান্তরকে বলেন, ‘দলীয় প্রার্থীর নির্বাচনী কলাকৌশল নিয়ে শামীম ওসমানের সঙ্গে আলোচনা হয়েছে।’

সন্ধ্যায় মির্জা আজমের ফেইসবুক পেজে বৈঠকের ছবি আপলোড করা হয়। তিনি লিখেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শামীম ওসমান। সেই সঙ্গে দলের প্রার্থী আইভীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শামীম ওসমানের সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে মির্জা আজম দেশ রূপান্তরকে বলেন, ‘এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দলের কর্মী-সমর্থকদের ভেতরে যে অস্পষ্টতা ও বিভ্রান্তি ছিল তা কেটে গেছে।’

‘ডা. আইভী এখনো বলছেন যে শামীম ওসমানের বক্তব্য এবং কাজের মিল রয়েছে কি না সে সম্পর্কে পরিষ্কার হতে আরও দুদিন লাগবে’ এ বিষয়ে মির্জা আজম বলেন, ‘স্বাভাবিক। একটু ভুল বোঝাবুঝি ছিল।’

তিনি বলেন, ‘শামীম ওসমান তার অবস্থান পরিষ্কার করবেন, এটা আমরা আগেই জানতাম। আমরা সবাই তো শেখ হাসিনার লোক। শামীম ওসমান কোনো চাপে তার অবস্থান পরিষ্কার করেননি। নিজে থেকে এ উদ্যোগ নিয়েছেন।’

সংশয়ে আইভী শিবির : শামীম ওসমানের নৌকার পক্ষে নামার ঘোষণা সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হেসেন দেশ রূপান্তরকে বলেন, ‘শামীম ওসমান ভালোই বক্তব্য দিয়েছেন।’ তাহলে আর কোনো সংশয় সন্দেহ রইল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়েট অ্যান্ড সি (অপেক্ষা করুন এবং দেখুন)। সবে তো কথা বললেন শামীম ওসমান। এখন দেখতে হবে কতটা আন্তরিক হয়ে নৌকার পক্ষে কাজ করছেন তিনি।’ আইভী-শামীমের বিরোধ কি শেষ হয়ে গেল এই প্রশ্নে আনোয়ার বলেন, ‘নিশ্চিত করে বলতে আরও সময় লাগবে।’ আনোয়ার আওয়ামী লীগ প্রার্থী ডা. আইভীর পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোকন সাহা দেশ রূপান্তরকে বলেন, ‘শামীম ওসমান অত্যন্ত সময়োপযোগী বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে দলের নেতাকর্মী উদ্বুদ্ধ হয়েছে। আইভী নৌকার প্রার্থী, সবাই আমরা কাজ করব।’

বিলুপ্ত আদমজী জুট মিলের শ্রমিক নেতা বাহার মিয়ার দাবি, শামীম-আইভীর বিরোধ-বিবাদ কখনো নিষ্পত্তি হবে না। এই বিরোধ পুরনো।

নগরের ৭ নম্বর ওয়ার্ড কদমতলী পুলের বাসিন্দা বাহার বলেন, ‘আইভীর বাবা আলী আহমদ চুনকা ও শামীমের বাবা এসএম শামসুজ্জোহার মধ্যেও বিরোধ-বিবাদ লেগেই থাকত। অসংখ্যবার এ বিরোধ-বিভেদ নিষ্পত্তি করতে আমরা উদ্যোগ নিয়েছি।’