যশোরে নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য উত্তম কুমার সরকার (৩৪) একই ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত অশান্ত সরকারের ছেলে।

সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক জানান, গতকাল রাতে সুন্দলী বাজার থেকে বাড়িতে ফেরার পথে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা উত্তম কুমারের গতিরোধ করে বুকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলির শব্দে গ্রামবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সুন্দলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন উত্তম সরকার।