গাজীপুরের শ্রীপুরে উত্যক্তের জের ও প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক নারী পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।
রবিবার রাতে তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের ঢালী পাড়া এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।
ওই নারী শ্রমিক স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। পরে সোমবার রাতে ওই নারী (১৮) শ্রীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- নেত্রকোনা সদরের সিংগারগালা এলাকার মৃত গনি মিয়ার ছেলে সুমন মিয়া (২২) ও ময়মনসিংহের ঈশ্বরঞ্জের বক্তগুরা গ্রামের আবদুল গফুর মিয়ার ছেলে আল আমিন (৩০)।
তারাও ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
নারীর স্বজনরা জানান, ওই নারীকে কারখানায় যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে নিয়মিত উত্যক্ত করতেন অন্য পোশাক শ্রমিক সুমন মিয়া। এতে সে (ওই নারী) সাড়া না দেওয়াতে ক্ষিপ্ত হন সুমন।
পরে রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাসার অদূরে একটি দোকান থেকে বিস্কুট আনতে যায় ওই নারী। এ সময় সুমন ও তার বন্ধু আল-আমিন মিলে রাস্তা থেকে কৌশলে তুলে নিয়ে যায় সুমনের ভাড়া বাসায়। পরে সেখানে ভয় দেখিয়ে দুই বন্ধু মিলে তাকে ধর্ষণ করে।
শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী পোশাক শ্রমিকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাৎক্ষনিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে দুইজনের নামে এ মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।