মাদারীপুর ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রি বাস্তবায়ন আদেশ অমান্য করায় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। পৌর শহরের চরমদনরায় এলাকায় এসএম গোলাম রানা ও তার স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে জেলা প্রশাসকের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল-২-এ মামলা করেন। মামলার শুনানির পর বাদীপক্ষের আইনজীবী প্রদীপ চন্দ্র সরকার গত সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন।

তবে গতকাল মঙ্গলবার সকালে দেশ রূপান্তরকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না কিন্তু এখন জানতে পেরেছি, আমরা বিষয়টি দেখছি কী করা যায়।’

বাদীপক্ষ তার আরজিতে বলেন, আমার চরমদনরায়ে সাড়ে ৫ শতাংশ জমি অর্পিত সম্পত্তি তালিকাভুক্তি হলে বাদী অবমুক্তির জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল গত ২০১৮ সালে বাদীপক্ষকে রায় ও ডিক্রি প্রদান করেন। সরকারপক্ষ পরবর্তীতে রায়ের বিরুদ্ধে উচ্চ আপিল মামলা করে হেরে যাওয়ায় রায় ডিক্রি বাস্তবায়নের জন্য আদালত হতে ডিসিকে নির্দেশনা দিলেও সে বাস্তবায়ন করেন না। ফলে বাদীপক্ষ আদালত অবমাননা আইন ২০১৩-এর ১১ ধারায় এ মামলা দায়ের করলে সোমবার বিকেলে মামলার শুনানি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালত ডিসির বিরুদ্ধে প্রয়োজনীয় আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

এ ব্যাপারে মামলার বাদী এসএম গোলাম রানা বলেন, ‘জেলা প্রশাসক আদালতের রায় বাস্তবায়নে গড়িমসি করেছে। যে কারণে তাকে বিবাদী করে মামলা দিতে বাধ্য হলাম। এখন আদালত সিদ্ধান্ত নেবে, রায় বাস্তবায়ন হবে কি না। আমরা ন্যায়বিচার চাই।’