নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও আইনানুগ হয়Ñতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, ‘আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। ওই নির্বাচন আমি নিজে পরিদর্শন করব।’
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ২০২২ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, ‘চলমান নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট আবার অসন্তুষ্ট। আমার সন্তুষ্ট হওয়ার প্রকাশ খুব কম। অসন্তুষ্ট হওয়ার প্রকাশটাই বিভিন্ন সময়ে বেশি। আমি অসন্তুষ্ট কেনÑযারা নির্বাচন সংশ্লিষ্ট তারা যদি অনুধাবন করতে পারেন, তাহলে আমার অসন্তুষ্ট হওয়াটার একটা যোগ্যতা থাকে।’
তিনি আরও বলেন, সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে যেসব এলাকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সেসব এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনে যারা নতুন নির্বাচন কমিশনার হিসেবে আসবেন তারা পরবর্তী নির্বাচন সুষ্ঠু করতে জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্টদের আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা নেবেন।’
অনুষ্ঠান শেষে মাহবুব তালুকদার রবীন্দ্র কাছারি বাড়ি ও জাদুঘর এবং সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।