ঢালিউডে বইছে নির্বাচনী হাওয়া। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের কার্যক্রম নিয়ে বেশ আলোচনা হলেও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলও এবার প্রস্তুত। এই প্যানেলেও দেখা যাচ্ছে অনেক জনপ্রিয় তারকাকে। বিশেষ করে গতবার চিত্রনায়িকা মৌসুমী এই প্যানেলের বিপক্ষে সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হলেও এবার তিনিও যোগ দিয়েছেন। তবে এবার কোনো গুরুত্বপূর্ণ পদে তিনি না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে গতকাল এফসিডিতে এই প্যানেলের পরিচয়পর্বের আয়োজনে দেখা গেছে। তিনি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন। আর সভাপতি পদে মিশা সওদাগর, সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ ফারহান এবং কার্যকরী পরিষদের সদস্য পদে রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, আলীরাজ, নাদের খান, হাসান জাহাঙ্গীরসহ আরও কয়েকজন তারকা নির্বাচন করবেন।