যশোরে মেডিকেল হোস্টেলে ভারতীয় ছাত্রীর ঝুলন্ত লাশ

যশোরে আদন্ডদ্বীন সকিনা মেডিকেল কলেজের হোস্টেলের বাথরুম থেকে সীমা জোহরা (২১) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে লাশটি উদ্ধার করে স্থানীয় চাঁচড়া ফাঁড়ির পুলিশ। সীমা জোহরা ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মদের মেয়ে।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, ভোরে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন খবর দিলে স্থানীয় চাঁচড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। সীমা জোহরাকে বাথরুম থেকে উদ্ধার করে তারা যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীমা বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে ভারতীয় হাইকমিশনে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামাল উদ্দিন জানান, ভোরে কলেজের গৃহকর্মী মর্জিনা ঘটনাটি তাকে জানান। পরে পুলিশকে জানানো হলে তারা এসে বাথরুমের দরজা ভেঙে সীমাকে উদ্ধার করে। তিনি আরও জানান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সীমার আজ (গতকাল) পরীক্ষা ছিল। মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে। লাশ নেওয়ার বিষয়ে ভারতীয় হাইকমিশন ব্যবস্থা নেবে।