অভিষেক সিরিজেই পোলকের রেকর্ড ভেঙে দিলেন জানসেন

অভিষেক টেস্ট সিরিজেই রেকর্ড গড়লেন মার্কো জানসেন। ক্যারিয়ারের প্রথম সিরিজেই ১৭ উইকেট নিয়ে এই ২১ বছর পেসার ভেঙে দিয়েছেন শন পোলকের রেকর্ড।

ইংল্যান্ডের বিপক্ষে ১৯৯৫/৯৫ মৌসুমে অভিষেক টেস্ট সিরিজ খেলতে নেমে ১৬ উইকেট নেন পোলক। দক্ষিণ আফ্রিকানদের মধ্যে অভিষেক টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারির এই রেকর্ডটি এত দিন নিজের করে রেখেছিলেন তিনি।

২৬ বছর পর এই রেকর্ড নিজের করে নিলেন জানসেন। ভারতের বিপক্ষে চলমান তিন টেস্ট সিরিজে ১৭ উইকেট নিয়ে পোলকের রেকর্ড ভেঙে দিলেন এই অলরাউন্ডার।

কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছেন জানসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৯০ রান করেছে সফরকারীরা। এর আগে প্রথম ইনিংসে ৩ উইকেট নেন জানসেন। সিরিজের প্রথম দুই টেস্টে ১২ উইকেট নেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১১/১২ মৌসুমে ১৪ উইকেট নিয়ে প্রোটিয়াদের মধ্যে অভিষেক সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার তিনে আছেন ভারনন ফিল্যান্ডার। পরের স্থানে থাকা ব্রায়ান ম্যাকমিলান ভারতের বিপক্ষে ১৯৯২/৯৩ মৌসুমে নেন ১৩ উইকেট।