পিরোজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

পিরোজপুরে কদমতলার এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা।

গুরুতর আহত যুবলীগ নেতা নাদিম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে আহত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান।

আহত যুবলীগ নেতা নাদিম খান (৩৫) সদর উপজেলার তেজদাসকাঠী এলাকার নজরুল ইসলাম খানের ছেলে এবং মাসুদ শেখ (২৫) উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখের ছেলে।

আহত মাসুদ শেখ জানান, বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা ছিল। সেই সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খানের নেতৃত্বে যোগদান করি। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব হোসেন ও তার ভাইপো বায়জীদ লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে এ অবস্থা করেছে।

কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব ও তার ভাইপো বায়জীদের নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে নাদিমের হাত কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনার পরে খুলনা পাঠানো হয়েছে। নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ২০/৩০টি কোপ দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, একজনের হাত বিচ্ছিন্ন থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। আহত নাদিমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।