যশোরে বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে নারীর মরদেহ

যশোর সদরে সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নরেন্দ্রপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুপ্রভাত মন্ডল জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত বিশ্বাসের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ বিশ্বাস জানান, সেপটিক ট্যাংকটি বিদ্যালয়ের শিক্ষকদের কার্যালয়ের পেছনেই অবস্থিত। সকালে তারা বিদ্যালয়ে এসে দুর্গন্ধ পেতে থাকেন। এ সময় বিদ্যালয়ের এক দপ্তরিকে পেছনে পাঠানো হয় দুর্গন্ধের উৎস সন্ধানে। তিনি পেছনে গিয়ে কোন কিছু না পেয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা সরিয়ে মরদেহ দেখতে পান।

এ সময় বিদ্যালয়ের উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য ও ইউপি মেম্বার সুজিত বিশ্বাস। তিনি নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জকে খবর দেন।

এসআই সুপ্রভাত মন্ডল আরও জানান, মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।