বরিশাল জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর নোয়াখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে অংশ নেওয়াকে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নোয়াখালী শহর আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনে শহর আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী পৌরসভা নির্বাচনে দলের মেয়র প্রার্থী সহিদ উল্যাহ খান সোহেলের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, গত সোমবার বরিশাল কালেক্টরেট অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী সরকারি চাকরিবিধি ও নির্বাচনী আরচণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নোয়াখালীতে প্রচারণায় অংশগ্রহণ করে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম সেলিমসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।