আ.লীগ-বিএনপি সংঘর্ষ

অস্ত্রধারী সেই যুবলীগকর্মী গ্রেপ্তার

সিরাগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের সময় অস্ত্রসহ ‘মহড়া’ দেওয়া এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার পৌর এলাকার মাছুমপুর উকিলপাড়া মহল্লা থেকে ককটেল ও ‘খেলনা’ পিস্তলসহ মো. সুমন খলিফা (২৪) নামে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে যুবলীগ কর্মী বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে এই বিষয়ে সংগঠনটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, গত ৩০ ডিসেম্বর জেলা বিএনপির সমাবেশ চলাকালে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে পিস্তল নিয়ে মহড়া দেন কোল গয়লা মহল্লার মৃত শামছু খলিফার ছেলে মো. সুমন খলিফা। দীর্ঘ চেষ্টার পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে চিহ্নিত করা হয়।

তিনি জানান, আটক করার সময় সুমনের কাছ থেকে ৫টি তাজা ককটেল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।

 এদিকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার সাংবাদিকদের জানিয়েছেন, সংঘর্ষের পর ভাইরাল হওয়া ছবির পিস্তলের সঙ্গে উদ্ধারকৃত পিস্তলের মিল রয়েছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও ত্রাস সৃষ্টির জন্য ওই খেলনা পিস্তলটি প্রদর্শন করা হয়েছিল বলে নিজেকে ‘যুবলীগকর্মী’ দাবি করা সুমন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন।

গত ৩০ ডিসেম্বর বেগম খালেজা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে ইসলামিয়া কলেজ মাঠে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে সুমনকে একটি পিস্তল থেকে গুলি ছোড়ার ভঙ্গিতে দেখা যায়। তার বেশ কয়েকটি ছবি তখন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পুলিশের একাধিক সংস্থা তাকে গ্রেপ্তারে মাঠে নামে।