তিন বছর আগে সাবেক বার্সেলোনা সতীর্থ ফিলিপে কুতিনহোকে এক তাবিজ উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। সেই তাবিজ এখনো পরেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
সম্প্রতি ক্যাম্প ন্যু থেকে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন কুতিনহো। সঙ্গে নিয়ে এসেছেন সেই তাবিজও। এর আগে ধারে যখন বায়ার্ন মিউনিখে গিয়েছিলেন তিনি, মেসির দেওয়া তাবিজ পরে সফলতাও পেয়েছিলেন।
২০১৮ সালে লাল তাবিজটি মেসিকে দিয়েছিলেন তার স্বদেশি সাংবাদিক রামা পানাতারাতো। সেবার আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে রাশিয়া বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। ম্যাচটিতে পেনাল্টি মিস করেন মেসি। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ফাঁড়া কাটাতে তাবিজটি দেন পানাতারাতো। তিন তাবিজটি পেয়েছিলেন তার মায়ের কাছ থেকে।
তাবিজের গুণাগুণও হাতেনাতে পান মেসি। নাইজেরিয়ার বিপক্ষে গোল করে আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। সেই ম্যাচে তাকে পায়ে তাবিজটি পরতে দেখা।
পরে যখন ক্যাম্প ন্যুয়ে কুতিনহোর ফর্ম খারাপ যাচ্ছিল তখন মেসি তাকে তাবিজটি দেন। আর সেই উপহার দিয়েই কিনা বার্সাকে ঘায়েল করে বসেন ব্রাজিলিয়ান তারকা!
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগে লিসবনে বায়ার্ন মিউনিখের হাতে ৮-২গোলে বিধ্বস্ত হয় কাতালান জায়ান্টরা। ম্যাচটিতে বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোলও করেন ওই বছর বার্সা থেকে ধারে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় যাওয়া কুতিনহো। ক্যারিয়ারে উত্থান-পতনের ভেতর দিয়ে গেলেও এখনো মেসির দেওয়া উপহার হাতছাড়া করেননি সাবেক লিভারপুল তারকা।