কক্সবাজারের ঈদগাঁওতে বাস চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৩ জন।
শুক্রবার বিকেল চারটার দিকে ঈদগাঁওর চান্দের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার জিশান (২৩) ও খুটাখালী এলাকার ছেনুয়ারা বেগম (৪৫)। আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার এসআই মুজিবুর রহমান।
তিনি জানান, চট্টগ্রামমুখী পূর্বাণী নামের যাত্রীবাহী একটি বাস কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে। দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি।
খবর পেয়ে উদ্ধার তৎপরতায় পৌঁছেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।