সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের কাজের পরিধি বাড়ছে। এখন দিন-রাত ২৪ ঘণ্টাই মানুষ ব্যস্ত থাকে। অফিসের কাজ শেষে থাকে ঘরের কাজের ব্যস্ততা। এর মধ্যে নিজেকে সময় দেওয়া হয়ে ওঠে অনেকটাই কঠিন। তবে দীর্ঘদিন এভাবে কাজ করলে শরীর এ সময় বেঁকে বসতে পারে। জেনে রাখুন ব্যস্ততার মধ্যেও শরীর সতেজ রাখার কিছু বিষয়
শরীরচর্চা : প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই হালকা শরীরচর্চা করুন। যোগ ব্যায়াম শরীরের জন্য খুবই উপকারী। এ ছাড়া যেকোনো ধরনের শরীরচর্চা ঘুম থেকে ওঠার পর যে জড়তা থাকে সেটা কাটানোর পাশাপাশি সারা দিনই শরীরকে সাবলীল রাখবে।
শাকসবজি ও ফল : প্রতিদিন খাবারের তালিকায় রাখতে হবে শাক ও সবজি। দিনে কোনো না কোনো ফলও খেতে হবে। এটি মানলে শরীর থাকবে অনেক বেশি সুস্থ, পাবেন প্রয়োজনীয় শক্তিও।
ঘুম : যত কম কাজই করুন ঠিকমতো ঘুম না হলে শরীর ভেঙে পড়বেই। তাই যত কাজই থাকুক একটা পর্যাপ্ত সময় ঘুমাতে হবে। খুব বেশি কাজের চাপ থাকলে পাওয়ার ন্যাপ নিতে পারেন। কাজের ফাঁকে ১৫-২০ মিনিটের এই হালকা ঘুম আপনাকে দেবে বাড়তি সতেজতা।
বেশি করে পানি খান : পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন চার লিটার পানি পান করা আবশ্যক। তাই কাজের ফাঁকে ফাঁকে বেশি করে পানি পান করুন। এতে শরীর সুস্থ থাকবে। তবে খেয়াল রাখতে হবে পানিটা যেন বিশুদ্ধ হয়।
হাসি : মানসিক সুস্থতার ওপর শরীরের সুস্থতা অনেকটাই নির্ভর করে। শরীর যতই সুস্থ থাক, মন ভালো না থাকলে, শরীরটাও যেন পাশে থাকে না। তাই শরীর সুস্থ রাখতে মন খুলে হাসুন।