নাশকতা মামলা

ঢাবির সাবেক শিক্ষক তাজমেরী কারাগারে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক তাজমেরী এস ইসলামকে প্রায় তিন বছর আগে করা নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস দেশ রূপান্তরকে বলেন, কোর্ট থেকে আসা একটি ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ওয়ারেন্ট ইস্যু হয়েছিল ১ জানুয়ারি। সেই ওয়ারেন্ট তামিল করেছি মাত্র। এটি কী ধরনের মামলা বা কতদিন আগের মামলা সেটি আমরা গ্রেপ্তারকালে জানতাম না। পরে জেনেছি ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর মারপিটসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলায় তাজমেরী এস ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলাতেই  বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাজমেরী এস ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠান।

এদিকে অধ্যাপক তাজমেরী ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, ‘আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার বিএনপির নারী নেত্রীদের ওপর নিরবচ্ছিন্নভাবে বেপরোয়া গতিতে জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নারীদের সম্ভ্রমহানি ও মান-মর্যাদা ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে।’ এর আগে গত বৃহস্পতিবার রাতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ড্যাবের নিন্দা ও প্রতিবাদ : বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাজমেরী ইসলামের মতো বয়োবৃদ্ধ নারীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘সরকার অন্যায়ভাবে মিথ্যা মামলা করেছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে যে অভিযোগ তা কাল্পনিক। শুধু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ার কারণে বিদ্বেষমূলকভাবে তাজমেরী ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।’

ইউট্যাবের প্রতিবাদ ও মুক্তি দাবি : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন-ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাজমেরী ইসলামের মুক্তি দাবি করেছেন। তারা বলেছেন, আদালত কর্তৃক তার জামিন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। আমরা শিক্ষকসমাজ এহেন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক এবং বিএনপিপন্থি শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও রোকেয়া হলের প্রভোস্ট ছিলেন। রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।