নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এ সময় এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলে ফেলেন, ‘আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না…।’
ছোটখাটো গড়ন ও শান্ত মেজাজের মুমিনুল হঠাৎ এমন বললেন কেন?
শনিবার মুমিনুল সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও সেখানে প্রেস মিটের জন্য আলাদা ব্যবস্থা ছিল না। বিমানবন্দর কর্মী ও উপস্থিত জনতার মাঝেই তাকে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে হয়।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় ও সিরিজ ড্র করে ইতিহাস গড়লেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাদের বরণ করতেও সেভাবে কোনো উদ্যোগ ছিল না। ছিলেন না বিসিবির কোনো বড় কর্তা।
একপর্যায়ে মুমিনুলকে এ নিয়েই প্রশ্ন করা হয়। উত্তর দিতে গিয়ে ৩০ বছর বয়সী মুমিনুল বলেন, ‘যে প্রশ্নটা করেছেন এটা বিতর্ক তৈরি করার মতো প্রশ্ন। আপনারা সবাই জানেন, আমি ওই রকম ব্যক্তি না যে আপনারা আসবেন… আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না, আমি আমার দেশের জন্য খেলি। আমি নিজেকে হ্যাপি করার জন্য ক্রিকেট খেলি।’
মুমিনুল বলেন যান, ‘আমি জানি আপনারা অনেক খুশি, আমরা একটা টেস্ট ম্যাচ জিতেছি। আমি ওইভাবে চিন্তা ভাবনা করি না। একটা সুযোগ ছিল, টেস্ট সিরিজ জেতার বা ড্র করার। সেটাই ছিল আসল। কে আসল, না আসল… একজন পেশাদার ক্রিকেটের হিসেবে, বাংলাদেশ পেশাদার টিম, এটা আমি ওভাবে চিন্তা করি না।’