মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

লকডাউন দিলে দেশের ক্ষতি মানুষের ক্ষতি

ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ঘোষিত ১১ দফা বিধিনিষেধ মানার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এই নির্দেশনা মানলে দেশে লকডাউনের প্রয়োজন হবে না। কারণ লকডাউন দিলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। তবে নির্দেশনা না মানলে লকডাউন দেওয়ার বিষয়টি চিন্তায় আছে বলেও জানিয়েছেন তিনি। 

গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট ও সিটি স্ক্যান মেশিন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা মাত্র ১১টি হেলথ গাইডলাইন দিয়েছি। আমরা আহ্বান করব এই বিধিনিষেধগুলো যেন পালন করে লোকে। পালন করলে আমি মনে করি না যে লকডাউনের প্রয়োজন হবে।’

তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই অর্থনীতি পঙ্গু অবস্থায় চলে যাচ্ছে। আমরা এটা চাই না। আমরা আমাদের অর্থনীতি ভালো রাখতে চাই। তাই স্বাস্থ্যবিধি মানার ওপরই আমাদের গুরুত্ব দিতে হবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্যমেলাসহ অনেক স্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরার কোনো বিকল্প নেই।’

মন্ত্রী বলেন, ‘করোনা এখন ঊর্ধ্বমুখী, গতকাল (শুক্রবার) ৪ হাজার ৪০০ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন যে হারে করোনা রোগী শনাক্ত হচ্ছে তা আশঙ্কাজনক। আমি একটি সমীক্ষায় দেখেছি, আক্রান্ত যদি আড়াই হাজার হয়, সেখানে হাসপাতালে ভর্তি হচ্ছে ২-৩শ রোগী। এর মধ্যে ১ শতাংশ রোগীর আইসিইউ প্রয়োজন হচ্ছে বর্তমানে। এভাবে রোগী ও সংক্রমণ বৃদ্ধি পেলে হাসপাতালে জায়গা হবে না।’

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।