টিকা দিতে অর্থ আদায়

পাবনায় মাইকিং করে টাকা ফেরত দিল স্কুল কর্তৃপক্ষ

করোনার টিকা দিতে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছে পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্র্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে সব শিক্ষার্থীর টাকা ফেরত দেন শিক্ষকরা।

গত রবিবার করোনার টিকা দিতে প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে ৬০ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে ওই স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে জানিয়েছিলেন, টিকা কার্যক্রম পরিচালনায় এসি ক্রয় বাবদ এক লাখ ১২ হাজার টাকা খরচ হবে। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টাকা দিয়ে পরিশোধ করা হবে। বিষয়টি নিয়ে সোমবার দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ হলে সমালোচনার সৃষ্টি হয়। তোলপাড় শুরু হয় প্রশাসনেও। হস্তক্ষেপ করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

এমন পরিস্থিতিতে সোমবার বিদ্যালয় কর্র্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের সোমবার বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যরা।

বেড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন বলেন, টিকা বিতরণের সময় যে টাকাটা নেওয়া হয়েছিল সেটা ঠিক হয়নি। ইউএনও মহোদয়ের নির্দেশে সব শিক্ষার্থীকে টাকা ফেরত দেওয়া হয়েছে। টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলী বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত করে তিনি টাকা আদায়ের সত্যতা পেয়েছেন এবং জরুরিভাবে টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে যে সব এলাকায় স্কুলে এসি নেই সেখানে এসি আছে এমন কোনো বাড়ি বা প্রতিষ্ঠানে টিকা দেওয়ার ব্যবস্থা হবে।