প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী

না.গঞ্জের মতো সংসদ নির্বাচনও চমৎকার হবে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও চমৎকার হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘গতকাল (রবিবার) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন সুন্দর নির্বাচন হয়েছে যে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সেখানে হয়নি। সারা দেশে যে পাঁচটি পৌরসভায় নির্বাচন হয়েছে সব জায়গায় অত্যন্ত সুন্দর, ভালো নির্বাচন হয়েছে। পাঁচটির মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন।’

গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে এটিই স্পষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। অপরদিকে বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও, দৃশ্যত অংশ না নিলেও ভিন্ন অবয়বে সব জায়গায় তারা নির্বাচনে ছিল এবং তারাও নিশ্চয় বুঝতে পেরেছে, তাদের জনপ্রিয়তা কোন জায়গায় আছে, এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। আমি আশা করব সবকিছু নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবে।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো জায়গায় যদি কোনো  বিচ্যুতি, অনিয়ম হয়, অবশ্যই সেটি পত্রিকায় আসবে। পাশাপাশি দেশটা যে আজকে এত এগিয়ে গেল, আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেল, সেটা নিয়ে তো দেশে যেভাবে মাতামাতি হওয়ার কথা ছিল, তা হয়নি। এই করোনার মধ্যে পৃথিবীর মাত্র ২০টি দেশে ‘পজিটিভ জিডিপি গ্রোথ’ হয়েছে, এর মধ্যে বাংলাদেশ একটি এবং বাংলাদেশের অবস্থান ৩ নম্বর। সেটি নিয়ে তো আমাদের দেশে পত্রপত্রিকায় মাতামাতি হয় নাই। জাতির এগিয়ে যাওয়ার গল্পটাও তো জাতিকে শোনাতে হবে, সেটি আমাদের গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।’

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, দৈনিক ভোরের আকাশ পত্রিকার সম্পাদক খালেদ ফারুকী, প্রকাশক নুরুজ্জামান আব্দুল্লাহ প্রমুখ।