যুক্তরাষ্ট্রে ২৭০০ ফ্লাইট বাতিল

খারাপ আবহাওয়া ও শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৭০০’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির পূর্ব উপকূলে তীব্র বাতাস ও বরফের সমন্বয়ে শীতকালীন ঝড়ের আঘাতের আশঙ্কায় গত রবিবার এসব ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছে এএফপি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারডটকমের তথ্য অনুযাযী, রবিবার সাড়ে ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৭০০’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ, বহির্গমন এবং অভ্যন্তরীণ ফ্লাইটও রয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত শিডিউলের চেয়ে বিলম্বে যাত্রা শুরু করেছে বলেও পরিসংখ্যানে দেখা গেছে। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করা এয়ারলাইন্সগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আমেরিকান এয়ারলাইন্স। রবিবার এয়ারলাইন্সটি তাদের ছয় শতাধিক ফ্লাইট বাতিল করে।

নর্থ ক্যারোলিনার শার্লোট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরটি আমেরিকান এয়ারলাইন্সের অন্যতম কেন্দ্র বলে পরিচিত। রবিবার এই বিমানবন্দরের নির্ধারিত প্রায় ৯৫ শতাংশ ফ্লাইটই বাতিল হয়ে গেছে। অবশ্য খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় গ্রাহকদের বিনামূল্যে পুনরায় ফ্লাইট বুকিংয়ের সুযোগ দিচ্ছে আমেরিকান এয়ারলাইন্স।

শীতকালীন এই ঝড়ের সময় ক্যারোলিনা অঞ্চলে সর্বোচ্চ তুষারপাতের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে করে ওই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।