সিরাজগঞ্জের শাহজাদপুরে নবম শ্রেণিতে ভর্তি হতে না পারার আশঙ্কায় সুমি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।
সোমবার দুপুরে উপজেলার কৈজুরী ইউনিয়নের হাট পাঁচিল গ্রামে নিজের ঘরে আড়ার সঙ্গে ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেন। সুমি একই এলাকার খোরশেদ আলমের কন্যা।
মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সুমি সোনাতনী উচ্চ বিদ্যালয় থেকে এবার ৮ম শ্রেণি পাশ করেছেন। পরে বাড়ির কাছে ঠুটিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মা-বাবার কাছে বায়না ধরেন। ঘটনার দিন (সোমবার) সকালে তার মা তাকে সঙ্গে নিয়ে ঠুটিয়া উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে ভর্তির জন্য নিয়ে যান। ঠুটিয়া স্কুলের মাস্টার কাগজ-পত্র দেখে তার প্রবেশপত্রের সঙ্গে জন্মসনদের নামের ভুল থাকায় ইউনিয়ন পরিষদ থেকে তা সংশোধন করে আনার পরামর্শ দেন। এদিন সুমির মা দুপুরের পরে সুমি ও তার ছোট বোনকে বাড়িতে রেখে ইউনিয়ন পরিষদে কাগজ-পত্র সংশোধন করতে যান।
তারা আরও জানান, এর মধ্যে সুমির ভেতর ভর্তি হতে না পারার সংশয় দেখা দেয়। এই আশঙ্কা থেকেই সুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে গলায় ফাঁস নেন। ছোট বোন ঘরের দরজায় ধাক্কা দিলে দরজা না খোলায় জানালা দিয়ে দেখেন সুমি আড়ার সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে আছে। ছোট বোন জুঁই এর চিৎকারে আশপাশের স্বজনরা ছুটে এসে দরজা ভেঙে সুমির মৃতদেহ নিচে নামায়। পরে থানা-পুলিশ খবর পেয়ে এদিন রাতেই লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আব্দুল মজিদ জানান, প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।