বাংলা কমিকসের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। ‘নন্টে-ফন্টে’, ‘হাঁদা-ভোঁদা’, ‘বাঁটুল’, ‘কেল্টু’র মতো অসাধারণ সব কমিক চরিত্রের স্রষ্টা তিনি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত ২৪ ডিসেম্বর তাকে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুস থেকে শুরু করে কিডনির সমস্যা বাড়ছিল। রক্তে অক্সিজেনের মাত্রাও কমছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।
বয়সজনিত নানা সমস্যায় তিনি কয়েক বছর ধরেই ভুগছিলেন। এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল শিল্পীকে। চিকিৎসার ভার নিয়েছিল রাজ্য সরকার। তৈরি হয়েছিল চিকিৎসকদের একটি আলাদা দল। গতকাল মঙ্গলবার সকাল থেকেই হৃদযন্ত্রে গুরুতর সমস্যা হচ্ছিল নারায়ণ দেবনাথের। অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। রক্তচাপও দ্রুত ওঠানামা করছিল। চিকিৎসকদের সবধরনের চেষ্টাকে ব্যর্থ করে চলে যান নারায়ণ দেবনাথ।
১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্ম নারায়ণ দেবনাথের। অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তাঁর ঝোঁক ছিল। বাড়িতে অলঙ্কার তৈরির চল ছিল। ছোট থেকেই গয়নার নকশা তৈরি করতেন নারায়ণ দেবনাথ। স্কুলের পাট চুকিয়ে তিনি আর্ট কলেজে ভর্তি হন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে বন্ধ হয়ে যায় আর্ট কলেজে পড়া। তার পর কয়েকটি বিজ্ঞাপন সংস্থার হয়ে কাজ করেন।