করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই। তবে আমরা ভার্চুয়াল ক্লাস নেওয়ার প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছি।’
গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়াল ক্লাস নেওয়া যায়, তার প্রস্তুতি রাখার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে ভার্চুয়াল ক্লাস নেওয়া সম্ভব নয়, সেখানে অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে ৮৫ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’
গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসিদের উদ্দেশে তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় আমাদের দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে।’