জামিন পেলেন অধ্যাপক তাজমেরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাজমেরী এস এ ইসলামের জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেয়।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার মামলায় অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়। আদালত সেদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

অধ্যাপক তাজমেরীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, চার বছর আগে উত্তরা পশ্চিম থানার একটি নাশকতার মামলায় অভিযোগপত্রে আসামি হওয়ার পর অধ্যাপক তাজমেরী আদালতে হাজিরা দেননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। আজ (গতকাল) তার জামিন মঞ্জুর করেছে আদালত।

তাজমেরীর পরিবার বলছে, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর উত্তরা এলাকায় মারামারি ও বিস্ফোরক নিয়ে গাড়িতে হামলার চেষ্টার অভিযোগে তাজমেরীর বিরুদ্ধে মামলা হয়। এ মামলাটি গায়েবি মামলা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হয়রানি করা হচ্ছে।

আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছে, উত্তরা পশ্চিম থানার এ নাশকতার মামলায় ৭৫ অভিযোগপত্রভুক্ত আসামির মধ্যে অধ্যাপক তাজমেরীর নাম রয়েছে। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ মামলায় অভিযোগপত্র দেয়।