করোনায় নতুন রোগী বেড়ে ৮ হাজার ছাড়াল

দেশে করোনার নতুন রোগী প্রতিদিনই বাড়ছে। এক দিনে রোগী বেড়েছে ১ হাজার ৭৩১ জন। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৪০৭ জন এবং মৃত্যু হয় ১০ জনের। এর আগের দিন গত সোমবার এক দিনে ৬ হাজার ৬৭৬ জন শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয় ১০ জনের। এর আগে গত বছরের ১৩ আগস্ট এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ৪৬৪ জন, যা ৫ মাস পর আবারও রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়াল।

গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, নতুন রোগী নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে।

অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, ৫ মাস পর নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও ২৩ শতাংশ ছাড়িয়ে গেছে। গত এক দিনে দেশে মোট ৩৫ হাজার ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশে। এর আগে গত বছরের ৯ আগস্ট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এর চেয়ে বেশি ছিল ২৪ দশমিক ২৮ শতাংশ। গত সোমবার এই হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে যে ৮ হাজার ৪০৭ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছে ৬ হাজার ৩০৩ জন। আর বাকি ২ হাজার ১০৪ জন রোগী দেশের অন্যান্য জেলার। এছাড়া ঢাকা বিভাগে নতুন শনাক্ত রোগী ৬ হাজার ৫৯৭ জন, ময়মনসিংহে ১০৭ জন, চট্টগ্রামে ১ হাজার ৪৫ জন, রাজশাহীতে ১৭৭ জন, রংপুরে ৭২ জন, খুলনায় ১৫৮ জন, বরিশালে ৪২ জন এবং সিলেট বিভাগে ২০৯ জন শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী। এদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। সাতজন সরকারি হাসপাতালে, তিন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।