দুমকিতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু!

পটুয়াখালীর দুমকিতে মা ও তার দেড় বছরের শিশুপুত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপারহাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার চৌকিদারের কন্যা ফাতেমা বেগম (৩০) ও তার দেড় বছরের শিশুপুত্র সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। আনোয়ার চৌকিদারের পারিবারিক দাবি তার নাতি সিফাত পানিতে ডুবে মারা যায় এবং শিশুর মা ফাতেমা বেগমের স্ট্রোকজনিত কারণে অসুস্থতায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর সিকদার জানান, পানিতে ডুবে শিশু সিফাতের মৃত্যুর শোকে তার মা ব্রেইন টিউমারাক্রান্ত স্ট্রোকজনিত কারণে মারা যান।

অপর একটি সূত্রের দাবি, অসুস্থতায় বিকারগ্রস্ত ফাতেমা তার শিশুপুত্রকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছেন।

ইউপি চেয়ারম্যান এড. গাজী নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ফাতেমার লাশ দেখেছি। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে আমার ধারণা। তবে শিশুটি কীভাবে মারা গেছে তা বলতে পারব না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও শিশুপুত্রের মরদেহ ইউপি সদস্য আনোয়ার চৌকিদারের বাড়িতে রয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।