পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে মিলার

মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পৃক্ত থাকবে

নিয়মিত সংলাপ পরিচালনাসহ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত আর্ল আর মিলার। গতকাল বুধবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তারা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনসহ মানবাধিকারের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন উপায় ও পন্থা নিয়ে আলোচনা করেন।

ড. মোমেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত থাকবে। তিনি ভ্যাকসিন সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সরকারকে ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রশংসা করেন।

মহামারী পরিস্থিতির কারণে দুই দেশের সরকারের মধ্যে অনেক যোগাযোগ সশরীরে হতে পারেনি উল্লেখ করে, উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে আগামী মাসগুলোতে বেশ কয়েকটি সংলাপ এবং সফর অনুষ্ঠিত হবে।

ড. মোমেন বাংলাদেশে বৃহৎ অবকাঠামো প্রকল্পে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রমে সবচেয়ে বড় দাতা হিসেবে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ভাসানচরে মানবিক কার্যক্রমে অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে শুধু মানবিক সহায়তার মাধ্যমে নয়, প্রত্যাবাসনের মাধ্যমে রাজনৈতিক নিষ্পত্তিতেও যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এর আগে বিদায়ী মিলার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বাসস