শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আসাদুজ্জামান নামের এক শিক্ষার্থী অনশন করছেন এমন খবর শুনে তার বাবা হার্ট অ্যাটাক করেছেন।
পরে খবর পেয়ে বৃহস্পতিবার ওই শিক্ষার্থী অনশন ভেঙে হাসপাতালে ভর্তি তার বাবাকে দেখতে যান বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন।
এদিকে শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে তীব্র শীতের মধ্যে দুটি রাত কাটিয়েছেন।
তীব্র শীতের মধ্যে যতই সময় গড়াচ্ছে একে একে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল ৯টা নাগাদ অনশনরত ২৪ শিক্ষার্থীর স্বাস্থ্য ভেঙে পড়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারীদের এক মুখপাত্র।
তিনি জানান, তাদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্যালাইন দেওয়া হচ্ছে।
জানা গেছে, অসুস্থ ছয় শিক্ষার্থীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতাল ও একজনকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পর্যন্ত ছয় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মধ্যরাতে পর ২টার দিকে আরও দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।
গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রভোস্ট বিরোধী আন্দোলনে গত ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।