কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিজিবি সাড়ে ২৭ কোটি টাকা মূল্যের মাদক আইস ও ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে আইসের দাম ২৫ কোটি টাকা।
এ সময় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের সঙ্গে গুলি বিনিময় ঘটনা ঘটে। তবে কাউকে আটক করা যায়নি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে জানানো হয়, বৃহস্পতিবার রাতে উখিয়ার পালংখালী ব্রিজ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পালংখালী ব্রিজ এলাকা থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৫ কেজি ক্রিস্টাল মেথ জাতীয় মাদক উদ্ধার করা হয়েছে।
এ সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মাদক চোরাকারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এর আগের দিন বুধবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার দক্ষিণ বালুখালী এলাকা থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছিল।
ওই সময় বিজিবি ও চোরাকারবারিদের মাঝে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। কিন্তু কেউ হতাহত বা আটক হয়নি বলে জানা গেছে।