তামিমের ফিফটি, মাহমুদুউল্লাহর ক্যামিওতে ঢাকার বড় পুঁজি

দীর্ঘদিন পর ব্যাটে ঝড় তুলতে দেখা গেল তামিম ইকবালকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে স্বরূপে ফিরলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।

বিপিএলের অষ্টম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার হয়ে ওপেনিংয়ে নেমে ফিফটি করেছেন তামিম। তার ৪২ বলে ৫০ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চারে।

শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের কাছে টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিমের ফিফটি ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিওতে ৬ উইকেটে ১৮৩ রান করেছে ঢাকা। ইনিংসের শুরুতে বড় ইনিংস খেলার আভাস দেন দুই ওপেনার তামিম ও মোহাম্মদ শেহজাদ।

দুজনের জুটি ভাঙে দলীয় ৬৯ রানে। ২৭ বলে ৮ চারে ৪২ রানের ইনিংস খেলে রান-আউট হন আফগান ব্যাটার-উইকেরক্ষক শেহজাদ। দলকে শতক পেরোনো স্কোর এনে দিয়ে বিদায় নেন তামিম।

মোহাম্মদ নাঈম (৯) ও আন্দ্রে রাসেল (৭) ব্যর্থ হলেও ব্যাটে ঝড় তোলেন মাহমুদউল্লাহ। ইনিংসের শেষ ওভারে কামরুল ইসলাম রাব্বির তৃতীয় শিকার হন তিনি। ঢাকার অধিনায়কের ২০ বলে ৩৯ রানের ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ৩ ছয়ে।