দুনিয়া জেনে গেছে দেশে গণতন্ত্র নেই : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার মনে করেছিল বিরোধী মতের নেতাকর্মীদের খুন, গুম ও নির্যাতন করে পার পেয়ে যাবে। কিন্তু আজকে সারা দুনিয়া জেনে গেছে দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে আয়োজিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। কারণ দেশে গণতন্ত্র নেই। সারা বিশ্ব আজ বিষয়টি জেনে গেছে। আর যে দেশে গণতন্ত্র নেই, সে দেশে মানবাধিকার থাকতে পারে না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা আমরা কতবার বলেছি, গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কত হিসাব দিয়েছি, কী পরিমাণ মামলা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে তা বলেছি। একটা গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মামলা এবং এসব মামলায় ৩৫/৩৬ লাখের মতো আসামি তা হতে পারে না।’

তিনি বলেন, ‘আজকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি (রাজস্ব) দপ্তর থেকে বাংলাদেশের একটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা এসেছে। কতগুলো হাই অফিসিয়ালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। এটা কিন্তু গৌরবের বিষয় নয়। জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার বিষয়। সর্বশেষ ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘকে চিঠি দিয়ে বলেছে, জাতিসংঘের শান্তি মিশনে যেন র‌্যাবের সদস্যরা যেতে না পারেন। এ লজ্জা ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে এভাবে হেয়প্রতিপন্ন করছে কারা? সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য এসব অপকর্ম করছে।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, ‘জিয়াউর রহমানের জন্মদিনে তার আদর্শকে যদি ভালোভাবে ধারণ করা যায়, তাহলে তাদের বক্তৃতা দিয়ে বলতে হবে না যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। জিয়াউর রহমান সফল সৈনিক, রাজনীতিক ও রাষ্ট্রনায়ক। অন্যরা যেখানে ব্যর্থ হয়েছিল, সেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া সফল হয়েছেন।’

গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি প্রস্তাবের কড়া সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘পত্রিকায় গ্যাসের দাম বাড়ানোর একটি প্রস্তাব দেখেছি। তিন গুণ মূল্যবৃদ্ধির এ প্রস্তাবের আমরা তীব্র বিরোধিতা করি। এ সরকার শুধু রাজনৈতিকভাবে শোষণ করছে না অর্থনৈতিকভাবেও দেশের জনগণকে শোষণ করছে। বড় বড় প্রকল্প প্রণয়ন করে বিদেশে অর্থ পাচার করছে। এ সরকার জনগণের সরকার নয়। তাই এসব অত্যাচার, অনাচার থেকে রক্ষা পেতে হলে এ সরকারকে বিদায় করতে হবে।’

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, শহীদুল ইসলাম বাবুল, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম প্রমুখ।