এক টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের মাস চারেক যাওয়ার পরই বেজে গেছে আরেক টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। অক্টোবর-নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের সুপার টুয়েলভে ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ বাছাইপর্বে গ্রুপ ‘বি’র জয়ী দল ও গ্রুপ ‘এ’র রানার্সআপ দল।
গ্রুপ ‘এ’র রানার্সআপের সঙ্গে ২৪ অক্টোবর বাংলাদেশ খেলবে প্রথম ম্যাচ, হোবার্টে। এর আগের দিন মেলবোর্নে গ্রুপের হাইভোল্টেজ ম্যাচ হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। গত বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। আমিরাতের সেই টুর্নামেন্টে বাংলাদেশ সুপার টুয়েলভের গ্রুপে পেয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবার তাদের সঙ্গে সিডনিতে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। ৩০ অক্টোবর বি গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে ব্রিসবেনে তৃতীয় ম্যাচ। অ্যাডিলেডে ২ ও ৬ নভেম্বর ভারত ও পাকিস্তানের সঙ্গে সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
গত আসরে বাংলাদেশকে খেলতে হয়েছিল ‘বাছাই পর্ব’। সুপার টুয়েলভ শেষে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকাতেই এবার সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পেয়েছে।
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্সআপ নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ড ও আফগানিস্তান রয়েছে সুপার টুয়েলভের ‘এ’ গ্রুপে। বাছাইপর্বে গ্রুপ ‘এ’র জয়ী দল ও গ্রুপ ‘বি’র রানার্সআপ যোগ দেবে তাদের সঙ্গে। শ্রীলঙ্কা, উইন্ডিজ, স্কটল্যান্ড ও নামিবিয়ার সঙ্গে আঞ্চলিক কোয়ালিফাইং খেলে আসা আরও চারটি দল ১৬ অক্টোবর থেকে বাছাইপর্ব খেলবে। গতবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ২২ অক্টোবর শুরু হবে সুপার টুয়েলভ পর্ব। ১৩ নভেম্বর মেলবোর্নে হবে ফাইনাল।