জমি নিয়ে বিরোধ

গাজীপুরে গাছে বেঁধে বৃদ্ধাকে নির্যাতন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে হাসনারা বেগম (৬৫) নামে এক ব্যক্তিকে বাড়ির উঠোনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত শুক্রবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা গ্রামে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

হাসনারা বেগম গ্রামের মৃত জোলহাস উদ্দীনের স্ত্রী। পুলিশকে জানানোয় তার চলাচলের পথে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় গত শনিবার রাতে আটজনের নামে শ্রীপুর থানায় অভিযোগ করেন হাসনারা বেগম।

স্থানীয়রা জানান, হাসনারা বেগমকে নির্যাতন করেছেন তারই চাচাতো বোন এবং বোন জামাই। তাদের মধ্যে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার জমি ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে গাছে বেঁধে রাখেন গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশিদা খাতুন, শেফালি বেগম, তাসলিমা আক্তারসহ কয়েকজন। তাকে রক্ষায় এগিয়ে এলে হাসনারার ছোট বোন মাজেদা বেগম ও ভাগ্নি নাজমীনকেও মারধর করা হয়।

তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তাসলিমা আক্তার বলেন, ‘বিরোধপূর্ণ এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। অন্য জমিতেও চাষাবাদ করতে গেলে তারা বাধা দেয়। অনেক চেষ্টা করেও হাসনারার কারণে সমাধান সম্ভব হচ্ছে না। শুক্রবারও এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে। তাকে গাছে বেঁধে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’

তেলিহাটি ইউপি সদস্য তারেক হাসান বাচ্চু বলেন, ‘জমি নিয়ে দুই পরিবারের বিরোধ অনেক সালিশ করেও মেটানো যায়নি। শুক্রবারের ঘটনায় বৃদ্ধার ব্যবহৃত রাস্তা বন্ধ করে দেয় তার আত্মীয়রা। কথা বলে রাস্তার প্রতিবন্ধকতা তোলার চেষ্টা করা হবে।’

শ্রীপুর মডেল থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার জানান, ৯৯৯-এ ফোন পেয়ে হাসনারা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।