গুচ্ছগ্রাম প্রকল্পের টাকা আত্মসাৎ ইউএনওর পদাবনতি

ভূমিহীনদের জন্য সরকারের নেওয়া গুচ্ছগ্রাম প্রকল্পের টাকা আত্মসাৎ করায় গাইবান্ধা সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রহমানের পদাবনতি হয়েছে। তাকে ষষ্ঠ গ্রেড থেকে সপ্তম গ্রেডে নামিয়ে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে আত্মসাৎকৃত পুরো টাকা নিজের বেতন-ভাতা থেকে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ১২ জানুয়ারি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শফিকুর রহমান বর্তমানে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত আছেন। শফিকুর রহমানের বিরুদ্ধে অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এখন তাকে দুই বছর সপ্তম গ্রেডে থাকতে হবে। দুই বছর পর আবার তিনি আগের পদ ফিরে পাবেন। তবে তিনি বকেয়া টাকা পাবেন না।

প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা শফিকুর রহমান (পরিচিতি নম্বর ১৬৩৬২) ২০১৮ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত গাইবান্ধা সদর উপজেলায় ইউএনওর দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি গুচ্ছগ্রাম প্রকল্পের ৪৩ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাৎ করেন। ২০১৮-১৯ অর্থবছরে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় গাইবান্ধা সদর উপজেলার জন্য বরাদ্দ করা হয়েছিল ৫ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকা।

গুচ্ছগ্রাম সরকারের অগ্রাধিকার পাওয়া একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় ঘর তৈরি করে ভূমিহীন নাগরিকদের দেওয়া হচ্ছে। গুচ্ছগ্রামের আওতায় গৃহহীনদের জন্য গ্রোথ সেন্টার নির্মাণ, সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন, পুকুর খননসহ সব ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়।