ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে ওমিক্রন

ভারতে গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে আছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। একাধিক মেট্রো শহরে এই ধরন সব থেকে প্রভাবশালী হয়ে উঠেছে। ফলে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এমনটাই জানিয়েছে ভারতের ইন্ডিয়ান সার্স কভ-২ জেনোমিক্স কনসর্টিয়াম।

সংস্থাটির প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, এখনো অধিকাংশ ওমিক্রন আক্রান্তের কোনো উপসর্গ নেই বা একেবারে মৃদু উপসর্গ আছে। তবে এবারের করোনার ঢেউয়ে ঝুঁকির মাত্রা কমেনি। বুলেটিনে বলা হয়েছে, ‘ভারতে এখন গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে আছে ওমিক্রন। একাধিক মেট্রো শহরে তা সবচেয়ে প্রভাবশালী হয়ে উঠেছে। যেখানে দ্রুতগতিতে আক্রান্তের হার বাড়ছে।

ভারতে এখন ওমিক্রন সংক্রমণ যে বিস্তার ঘটবে, তা অভ্যন্তরীণ কারণে ছড়িয়ে যাবে। বিদেশ থেকে আসা যাত্রীরা সেজন্য দায়ী হবেন না। ক্রমশ পরিবর্তনশীল পরিস্থিতিতে জিনোম সিকোয়েন্সিংয়ের কৌশল নির্ধারণের জন্য কাজ করে যাচ্ছে সংস্থাটি। এই প্রতিষ্ঠানটি ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আছে। প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ওমিক্রনের সংক্রামক উপ-প্রজাতি বিএ.২ লিনেজেরও সন্ধান মিলেছে ভারতে। এস-জিননির্ভর ড্রপ-আউট পরীক্ষায় তাই বেশিসংখ্যক ‘ফলস নেগেটিভ’ (নেগেটিভ হয় আদতে, কিন্তু রিপোর্ট আসবে নেগেটিভ) ফল মিলতে পারে।

বুলেটিনে বলা হয়েছে, ‘সম্প্রতি যে ই.১.৬৪০.২ প্রজাতির যে সন্ধান মিলেছে, তার ওপর নজর রাখা হচ্ছে। দ্রুত সংক্রমণের আপাতত কোনো প্রমাণ মেলেনি; যা শরীরের রোগ প্রতিরোধকারী শক্তিকে এড়িয়ে যেতে পারে, যা উদ্বেগজনক (ভ্যারিয়েন্ট অব কনসার্ন) নয়। ভারতে এখনো পর্যন্ত সেই ভ্যারিয়েন্টের হদিস মেলেনি।’