ময়লার গাড়ির ধাক্কায় এবার পরিচ্ছন্নতা কর্মী নিহত

রাজধানীর মহাখালীতে এবার সড়ক পরিষ্কারের সময় বেপরোয়া ময়লার গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন এক পরিচ্ছন্নতা কর্মী। গত শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। গতকাল রবিবার পর্যন্ত দুর্ঘটনার জন্য দায়ী ময়লার গাড়িটি শনাক্ত করতে পারেনি পুলিশ। শিখা রানী ভরানী (৫৫) নামের নিহত এই পরিচ্ছন্নতা কর্মী ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত ছিলেন।

এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনের বেপরোয়া ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীর মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনও হয়েছে। শিখা রানীর স্বজনরা জানান, দুই সন্তান ও স্বামীকে নিয়ে রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন তিনি। শিখার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম দেশ রূপান্তরকে বলেন, শনিবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে জাহাঙ্গীর গেট এলাকায় মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন শিখা রানী। ফ্লাইওভারের ওপরে থেকে বিপরীত দিক থেকে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে শিখার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শিখা রানীর ছেলে খোকন ভরানী বাদী হয়ে মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। গুলশান এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে।

শিখা রানীর ছেলে খোকন ভরানী গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, তার মা ৫-৬ মাস ধরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করছিলেন। যখন দুর্ঘটনাটি ঘটে তখন আরও অনেক পরিচ্ছন্নতা কর্মী সেখানে ছিলেন। তাদের মাধ্যমেই মায়ের মৃত্যুর খবর জানতে পারেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশন থেকে দুজন লোক আমাদের বাসায় এসেছিল। খরচের জন্য ১০ হাজার টাকা দিয়েছে। মায়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি।’

গত বছরের ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় নটর ডেম কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র নাঈম হাসানের (১৭)। পরদিন ২৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান আহসান কবির খান নামে এক গণমাধ্যম কর্মী। একই বছরের ২৩ ডিসেম্বর রাজধানী সুপার মার্কেটের সামনে ডিএসসিসির ময়লাবাহী গাড়ির চাপায় মারা যান স্বপন কুমার সরকার (৬২)।