শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের আর্থিক লেনদেনের ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের এক মুখপাত্র দেশ রূপান্তরকে এ তথ্য জানান। সম্মিলিতভাবে সোমবার সন্ধ্যায় এ বিষয়ে তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে তিনি জানান।
ওই মুখপাত্র বলেন, আন্দোলনের আর্থিক যোগান নিশ্চিতে রকেট, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টসহ মোট ছয়টি অ্যাকাউন্ট থেকে তারা কোনো লেনদেন করতে পারছেন না। সংশ্লিষ্ট ফোন নাম্বার থেকে তারা কাউকে কল দিতে পারছেন না। কোনো কলও এসব নাম্বারে ঢুকছে না।
তিনি বলেন, শাবিপ্রবির যে কোনো কর্মসূচিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা যৌথ উদ্যোগে ফান্ড তৈরি করে থাকেন। এ আন্দোলনেও সেভাবেই অর্থ সংগ্রহ চলছিল। তবে সোমবার সন্ধ্যার পর থেকে এসব নাম্বারে আর কোনো লেনদেন করা যাচ্ছে না।
গত ১৩ জানুয়ারি রাত থেকে শুরু প্রভোস্ট বিরোধী আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি উঠে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনসহ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
রবিবার সন্ধ্যা থেকে তারা উপাচার্যের বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন।