যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সঙ্গে ক্রেডিট গ্যারান্টি ব্যবস্থা চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ইসলামী ব্যাংকের জন্য ৩০ মিলিয়ন ডলারের ক্রেডিট সীমা অনুমোদন করেছে ইউএসডিএ। ব্যাংকের আমদানিকারকরা ইউএসডিএ তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে সর্বোচ্চ ১৮ মাসের জন্য ছাড় সুবিধা পাবেন। রপ্তানিকারকের ব্যাংক অপ্রত্যাহারযোগ্য এলসিতে অ্যাড কনফারমেশন ছাড়াই অর্থায়নের সুবিধা বাড়াতে পারবেন। ইসলামী ব্যাংক মার্কিন রপ্তানিকারকের পক্ষে সমপরিমাণ ডলারের একটি অপ্রত্যাহারযোগ্য এলসি ইস্যু করবে।
মার্কিন রপ্তানিকারক ডকুমেন্ট জমা দিয়ে নেগোশিয়েটিং ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারবে। রপ্তানিকারককে গ্যারান্টির অধীনে হওয়া প্রতিটি শিপমেন্টের জন্য সিসিসিতে রপ্তানির একটি প্রতিবেদন সরবরাহ করতে হবে। বিলের মেয়াদ শেষে আইবিবিএল ডিসকাউন্টিং ব্যাংককে অর্থ দেবে। ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার, ইউএসএর সঙ্গে এ ব্যবস্থাপনার মাধ্যমে ইসলামী ব্যাংকের যুক্তরাষ্ট্রভিত্তিক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর আরও সুযোগ সৃষ্টি হবে।
এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি প্রোগ্রামের (জিএসএম-১০২) আওতায় ইউএসডিএ যুক্তরাষ্ট্রের অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানকে এ গ্যারান্টি দেয়। কমোডিটি ক্রেডিট করপোরেশনের (সিসিসি) পক্ষে ইউএসডিএর ফরেন অ্যাগ্রিকালচার সার্ভিস (এফএএস) এ প্রোগ্রামটি পরিচালনা করে। বিজ্ঞপ্তি