বাংলাদেশ-জাপান সম্পর্কের ৫০ বছরে স্মারক মুদ্রা

বাংলাদেশ ও জাপানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর পূর্ণ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ও ধাতব মুদ্রা তৈরির প্রতিষ্ঠান জাপান মিন্টের যৌথ উদ্যোগে একটি ৫০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করা হয়েছে। যা বর্ষপূর্তির দিন বাংলাদেশ ব্যাংক কর্র্তৃক প্রচলনে দেওয়া হবে।

প্রচলনে দেওয়ার পর স্মারক রৌপ্য মুদ্রাটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর থেকে দেশে বিক্রি করা হবে। এছাড়া জাপান মিন্ট কর্র্তৃক জাপানে বিক্রয় করা হবে স্মারক মুদ্রাটি।

এ বিষয়ে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ টাকা অভিহিত মূল্যের ৩৫ মিলিমিটার ব্যাসবিশিষ্ট, গোলাকার ও শূন্য দশমিক ৯২৫ ফাইন সিলভার দিয়ে নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ২০ গ্রাম।

স্মারক মুদ্রাটির সামনের পৃষ্ঠে ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি’ লোগো, লোগোর উপরিভাগে ডালসহ চেরিফুল (জাপানের জাতীয় ফুল) এবং লোগোর নিচে পানিতে ভাসমান কলিসহ শাপলা (বাংলাদেশের জাতীয় ফুল) কালার প্রিন্ট প্রযুক্তিতে মুদ্রণ করা হয়েছে। এছাড়া সম্মুখভাগে লোগোর বাঁদিকে ওপরে ইংরেজিতে ‘৫০ টাকা’ এবং নিচে বাংলায় ‘৫০ টাকা’লেখা রয়েছে।

স্মারক মুদ্রার পেছন ভাগে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের উপরিভাগে বৃত্তাকারভাবে ‘বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি, বাংলা ও ইংরেজিতে ‘বাংলাদেশ ব্যাংক’ এবং স্মৃতিসৌধের নিচে ‘১৯৭২-২০২২’ মুদ্রিত রয়েছে। বাংলাদেশে এ স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাক্সসহ ৫ হাজার টাকা।