টাঙ্গাইলের সখীপুরে একটি কবরস্থানের তিনটি কবরের কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে উপজেলার ছোটচওনা গ্রামের ‘ছোটচওনা কেন্দ্রীয় কবরস্থানে’ এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সোমবার ভোরে কবরস্থানের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে মুসল্লিরা তিনটি কবরের মাটি ওপরে আলগা দেখেন। পরে কয়েকজন মুসল্লি এগিয়ে গিয়ে দেখতে পান কবরগুলোতে কোনো কঙ্কাল নেই। মুসল্লিদের ভাষ্যমতে, ওই তিনটি কবরেই ২-৩ মাস আগে লাশ দাফন করা হয়েছে। এর আগেও ওই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ছোটচওনা কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, ‘এখন থেকে কবরস্থানটি পাহারা দেওয়ার ব্যবস্থা করা হবে।’ কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাই।’