হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদন্ড দিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস। গতকাল সোমবার বেলা ৩টার দিকে তিনি এ রায় দেন। এ সময় ফাঁসির আদেশপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহারে জানা যায়, রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার মৃত চৈতন্য বৈদ্যর ছেলে অশোক বৈদ্য, তরণী বৈদ্য, গৌরঙ্গ বৈদ্যর সঙ্গে একই এলাকার গুরুপদ বৈদ্যের ছেলে বিষ্ণু পদ বৈদ্যের জমি নিয়ে বিরোধ ছিল। ২০০২ সালের ১৪ অক্টোবর পূজার অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গুরুপদ বৈদ্যের স্ত্রী ও বিষ্ণুপদ বৈদ্যের মা রাধা রানী বৈদ্যকে অপহরণ করে নিয়ে যায় একই এলাকার চৈতন বৈদ্যের ছেলে অশোক বৈদ্য, তরণী বৈদ্য, গৌরঙ্গ বৈদ্য, পদ বিশ্বাসের ছেলে কালু বিশ্বাস, নরেন বৈরাগী ও বিজয় বেপারি। এ ঘটনার পরদিন রাজৈর থানায় একটি মামলা করেন নিহতের ছেলে বিষ্ণুপদ বৈদ্য। মামলার ১০ দিন পর পুলিশ পাশ্ববর্তী পাখুল্লার বিলের মধ্যে কচুরিপানার নিচ থেকে রাধা রানী বৈদ্যের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন আমগ্রাম এলাকার অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস, তরণী বৈদ্য ও পলাতক বিজয় বেপারি। প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানাও করা হয়।